প্রতারণার শিকার হয়ে ২৩ দিন ধরে অনশনে নারী

গাজীপুরের গ্রিন সোয়েটার নামে একটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শাহাদাতের প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ২৩ দিন ধরে অনশন করছেন এক নারী। তার নাম উম্মে সালমা (৩৫)। গত ১৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেন তিনি।

উম্মে সালমার অভিযোগ, জমি বিক্রি করা ৭ লাখ টাকা দিয়ে ২০১৭ সালে শুরুতে সাব কন্ট্রাকে আনোয়ার শাহাদাতের কারখানায় কাজ শুরু করেন। বছর শেষে  সব পাওনা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শাহাদাত। কিন্তু বছর শেষ হয়ে গেলেও পাওনা নিয়ে টালবাহানা শুরু করেন তিনি। এই মুহূর্তে টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সালমা আক্তার।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় শাহাদাত দেশ রূপান্তরকে বলেন, এ ব্যাপারে আদালতে একটি মামলা চলমান আছে। আদালতের রায় হলে সব জানা যাবে। কে কোথায় অনশন করছে, এটা আমার দেখার কোনো বিষয় না।’

সালমা আক্তার দেশ রূপান্তরকে জানান, কারখানায় কাজ করা বাবদ ৭ লাখ টাকার ৪ লাখ টাকা বিল ক্যাশ শাহাদাত পেয়েছেন। বাকি ৩ লাখ টাকার কথা জানতে চাইলে তিনি কোনো কথা বলতে পারবেন না বলে জানান। পরে অফিসের এক লোকের মাধ্যমে জানতে পারি বাকি ৩ লাখ টাকার নথিপত্র তিনি অফিস থেকে গায়েব করে দেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে আমি আমার মেয়েকে নিয়ে কারখানায় টাকা আনতে গেলে সেখানে চলে আমার ওপর নির্যাতন। একপর্যায় আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন শাহাদাত। কোনো মতে সেখান থেকে মেয়েকে নিয়ে পালিয়ে আসি। সালমা আরও জানান, শাহাদাতের ভয়ে গাজীপুরে ৩৩ নম্বর ওয়ার্ডে কেউ কিছু বলতে পারে না। তার নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। আওয়ামী লীগের বড় নেতা পরিচয় দিয়ে চলে তার কুকর্ম। আমার মতো এমন আরও অনেকেই আছে যাদের টাকা মেরে দিয়েছেন এই শাহাদাত।

তিনি জানান, ২০১৮  সালের ২৬ নভেম্বর গাছা থানায় একটি মামলা দায়ের করি। মামলাটি বর্তমান গাজীপুর কোর্টে চলমান রয়েছে। আমাকে নির্যাতনের বিষয়টি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে আমার প্রতি তার ড়্গোভ বেড়ে যায়। এখন পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন তার ক্যাডার বাহিনী দিয়ে।