মাদারগঞ্জে বাসের ধাক্কায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

জামালপুরের মাদারগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বালিজুড়ি দারগাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (১৬) মাদারগঞ্জ সানসাইন হাইস্কুল ও জুয়েল রানা (১৬) বালিজুড়ি এফএম হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বালিজুড়ি বাজার থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় দারগাবাড়ি মোড় এলাকায় জুনাইল বাজার থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেলে থাকা জুনাইল সুতার পাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ও বালিজুড়ি পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জুয়েল রানা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানায় নিয়ে যায়।