‘নিজেও দুর্নীতি করবো না, অন্যকে করতেও দেব না’

‘দুর্নীতিকে করব শেষ, সবাই মিলে গড়ব সোনার দেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৯। দিবসটি উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন ‘পরস্পর’ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

মানববন্ধনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. শাহিন আকতার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সভাপতি নাসিমুল হাসান, মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম বক্তব্য দেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুন্নাহার সাকি।

বক্তারা বলেন, ‘আমরা নিজেও দুর্নীতি করবো না, অন্যকে করতেও দেব না।’

জেলা প্রশাসক ‘দুর্নীতিকে না’ শপথ করান। এর আগে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন।