মুসলিমদের পাঁচ একর জমি না দেওয়ার দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে বাবরি মামলা পুনর্বিবেচনার আবেদন করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। মুসলিমদের কয়েকটি সংগঠনও এই মামলা পুনর্বিবেচনার আবেদন করেছে।
গত ৯ নভেম্বর ঐতিহাসিক বাবরি মামলার রায় দেয় দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিতর্কিত জমির মালিকানা হিন্দুদের বলে স্বীকার করে সেখানেই রাম মন্দির তৈরি করতে বলা হয়। পাশাপাশি অযোধ্যাতেই মুসলিমদের পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেন তারা। এই বিষয়টিতেই আপত্তি হিন্দু মহাসভার।
তাদের কথায়, রায় দেওয়ার সময় আদালত স্পষ্ট জানিয়েছিল ওই জমির মালিকানা হিন্দুদের। এই বিষয়ে তারা মুসলিমদের থেকে অনেক বেশি প্রমাণ জমা দিয়েছে। তার ভিত্তিতেই ওই জমিতে রাম মন্দির তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে। আদালত যদি কাগজপত্রের ভিত্তিতেই একথা বলে থাকে তাহলে মুসলিমদের পাঁচ একর জমি দেওয়ার কোনো কারণ নেই।
৭০ বছর ধরে চলা অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার জন্য মোট ছয়টি আবেদন আদালতে জমা পড়েছে। এর মধ্যে প্রথম আবেদনটি হল জমিয়ত উলেমায়ে হিন্দের। তারা ছাড়াও আবেদন জমা দিয়েছেন মাওলানা মুফতি হাসবুল্লা, মাওলানা মাফজুর রহমান, মিসবাউদ্দিন, মোহাম্মদ উমর ও হাজি নাহবুব।
তাদের হয়ে রায় পুনর্বিবেচনার আরজি জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
হিন্দুদের দিক থেকে এই প্রথম রায় পুনর্বিবেচনার আবেদন করা হল।