ইন্দোনেশিয়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক মানের একটি সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ইন্দোনেশিয়ার মুসলমানদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে তাদের সেই দাবি বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে। সরকারি ঘোষণা মতে, ২০২০ সালের ডিসেম্বরে চালু হচ্ছে দেশটির প্রথম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটি জানা গেছে।

ইসলাম শিক্ষা, সামাজিক বিজ্ঞান, মানববিজ্ঞান, ইসলামী অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা, স্থাপত্য প্রকৌশল- এই ৭টি অনুষদ নিয়েই প্রাথমিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

পশ্চিম জাভার ‘সুদানিজ দিপক’ শহরে এক হাজার ৪২৫ হেক্টরের সুবিশাল জায়গায় চলছে এটির নির্মাণকাজ। এতে শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।

বিশেষজ্ঞদের ধারণা, বিশ্ববিদ্যালয়টি ইন্দোনেশিয়ার ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বৃহৎ কেন্দ্রে পরিণত হবে। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তির মাধ্যমে এতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন।