আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী। এটি আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে তারা আয়োজন করেছিল দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার। পুরস্কার বিজয়ী ও নির্বাচিত কার্টুন নিয়ে গতকাল থেকে শুরু হলো সপ্তাহব্যাপী এই প্রদর্শনী। ঢাবি চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারি-১-এ প্রদর্শনী চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রতিযোগিতায় বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত মোট ৫৮টি কার্টুন প্রদর্শনীতে স্থান পেয়েছে।
প্রতিযোগিতায় এ বছর দুটি বিভাগে ২৫৪ জন কার্টুনিস্টের আঁকা মোট ৪৭৮টি কার্টুন জমা পড়ে। ‘ক’ বিভাগে (১৩-১৮ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী মো. মশিউর রহমান মাহিন, পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থী আইজায়া ও নাটোর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান লুবনা। ‘খ’ বিভাগে (১৯-২৫ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল মালিক নোবেল, ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থী তারেক বিন কামাল ও সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মমিত রহমান। উভয় গ্রুপের বিজয়ী তিনজনকে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ অ্যাম্বাসির ডেপুটি হেড অব মিশন Ms. Refika Hayta, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড অ্যাম্বাসির ডেপুটি হেড অব মিশন ও ডিরেক্টর অব কোঅপারেশন Ms. Suzanne Mueller এবং ডিএফআইডির গভর্ন্যান্স অ্যাডভাইজার মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. ফখরুল আলম।