রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী মার্চেই রুট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচল করবে। এ জন্য আগামী বছরের মার্চের মধ্যেই ২০-২২টি রুট নির্ধারণ করা হবে। একই সময়ে কয়টি কোম্পানির অধীনে এসব রুটে বাস চলবে তা-ও ঠিক হয়ে যাবে। একই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় চক্রাকার বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে।
গতকাল সোমবার ডিএসসিসির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের মোহাম্মদ সাঈদ খোকন এ কথা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। পুরান ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে চলতি মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলক চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। সদরঘাট, ধোলাইপাড়, ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা চলাচল করবে বিআরটিসির এসব সার্ভিস। তবে এখানে সফল হলে আমরা স্থায়ীভাবে এ সার্ভিস চালু করব।’ তিনি আরও বলেন, ‘বাসের রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির বেশ কিছু সভা হয়েছে। আমরা আজ (গতকাল) বাসমালিকদের সঙ্গে বসেছি, অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচন ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের কিছুটা সময় অতিবাহিত হয়েছে।’