ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলার আবেদন করেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি ও হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মুজাহিদ কামাল উদ্দিন। বিচারক বাদীর জবানবন্দি নিয়ে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আদালতের পেশকার রাকিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, মানহানির অভিযোগে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় নুরুল হক নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় আবেদনকারী বলেন, ডাকসুর ভিপির পদ ব্যবহার করে নুরুল হক নুর বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন বলে ৫ ডিসেম্বর দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়। তিনি মনে করেন, এর মাধ্যমে নুর ‘ভিপির পদকে কলঙ্কিত’ করেছেন এবং তার এসব কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইতিহাস ও সুনাম’ নষ্ট করেছে।
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া দুটি ফোনালাপের ওপর ভিত্তি করে নুরের বিরুদ্ধে ‘টেন্ডারবাজির’ অভিযোগ উঠেছে। ফোনালাপে নুরের তদবির ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এ জন্য নুরকে ডাকসুর ভিপির পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের পদ খোয়ানো ডাকসুর জিএস গোলাম রাব্বানী।
তবে অভিযোগ অস্বীকার করে নুর দাবি করেছেন, তার ফোনালাপের অংশবিশেষ তুলে ধরে খবর প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে সংবাদমাধ্যমগুলো। এর জন্য আইনের আশ্রয় নেওয়ার হুমকিও দেন তিনি।