৩৮ আরোহী নিয়ে নিখোঁজ চিলির সামরিক বিমান

চিলির একটি সামরিক বিমান ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে গেছে। অ্যান্টার্কটিকার পথে থাকা সামরিক বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে এএফপি।

চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় গত সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকি ১৭ জন ক্রু। আরোহীদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও ছিলেন। ওই বিমানে করে অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপে চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাওয়া হচ্ছিল।

চিলির বিমানবাহিনীর জেনারেল এদুয়ার্দো মোকেইরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে উড়োজাহাজের পাইলট কোনো ধরনের বিপদ সংকেত দেননি। উড়োজাহাজ ও এর নিখোঁজ আরোহীদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে চিলির বিমানবাহিনী।

অ্যান্টার্কটিকা অঞ্চলের ১২ লাখ বর্গকিলোমিটার এলাকা চিলির নিয়ন্ত্রণে আছে। সেখানে দেশটির নয়টি ঘাঁটি আছে, যা বিশ্বের যেকোনো দেশের চেয়েই বেশি।

দেশটির প্রেসিডেন্ট সেবাশ্চিয়ান পিনেরা এক টুইটবার্তায় বিমান নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।