খেলার জন্য আমি এখনো যথেষ্ট তরুণ: হার্সেল গিবস

জাতীয় দলকে বিদায় বলেছেন নয় বছর আগে। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সেও তিন বছর। আর বয়স? ৪৬ ছুঁই ছুঁই। এরপরও বিপিএলের দল সিলেট থান্ডারের কোচ হয়ে এসে হার্সেল গিবস বলছেন, এখনো মাঠে নামার মতো যথেষ্ট ফিট তিনি।

বুধবার বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গিবসের দল সিলেট। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচের আগে মঙ্গলবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে সিলেট। খেলোয়াড়দের অনুশীলনের মাঝে কোচ গিবসও ছিলেন বেশ প্রাণবন্ত। কখনো কখনো খেলোয়াড় না কোচ এই দ্বিধাও ফেলেছেন সবাইকে।

অনুশীলনের ফাঁকে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, তখন স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন হলো। গিবসও খেলোয়াড়ি জীবনের মতো ছক্কা হাঁকালেন, ‘আমি আরো ১০ বছর খেলতে পারব। অবশ্যই আমি খেলোর জন্য এখনো যথেষ্ট তরুণ।’

এতটুকু বলেই থামেননি গিবস। মজা করে বলছে, ‘আপনি জানেন এখন অনেক ধরনের লিগ চালু হয়েছে। এগুলোর মধ্যে বিশেষ কোনো কিছুর জন্য অপেক্ষা করছি।’

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে গিবস কাজ করছেন কুয়েত জাতীয় দলে। এ ছাড়া বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও দায়িত্ব পালন করেছেন। ২০০৭ বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো গিবসকে প্রশ্ন করা হলো নিজের খেলোয়াড়ি জীবন ও কোচিংয়ের মধ্যে পার্থক্য নিয়েও।

এই প্রোটিয়ার উত্তর, ‘কোনো পার্থক্য নেই। আমি অনেক বেশি শক্তি, আবেগ এবং একই সঙ্গে দক্ষতা দিয়ে খেলেছি। যেটা আমি আমার খেলোয়াড়দের মধ্যে প্রয়োগ করতে চাই। ভয়-ডরহীন ক্রিকেটার দেখতে চাই। যা কোচ হিসেবে আমার জন্য হবে উপভোগ্য।’