পটুয়াখালীর কলাপাড়ায় ধানের দাম বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষকরা। গতকাল মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির।
স্মারকলিপিতে কৃষকরা উল্লেখ করেছেন, আট বিঘা জমি চাষাবাদ করতে কীটনাশক, রোপণ, সার প্রয়োগ, কাটা ও মাড়াইসহ ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। এরপর এতে উৎপাদন হয় ৮০ থেকে ১০০ মণ ধান। বর্তমানে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। ফলে ধান বিক্রি করে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পান কৃষকরা। এ কারণে কৃষকরা দিন দিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।
কৃষকরা প্রতি মণ ধানের দাম কমপক্ষে ১০০০ টাকা করার দাবি জানান। এছাড়া সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকের কাছ থেকে নিয়ম-নীতি শিথিল করে ধান কেনার সুযোগ সুযোগ সৃষ্টির আবেদন জানান তারা।’