খালেদা জিয়ার জন্য ব্যক্তিগত চিকিৎসক দাবি ড্যাবের

‘জটিল পরিস্থিতি সৃষ্টির’ আগেই ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছে দলটির সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ড্যাব বিএসএমএমইউ শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ড্যাব নেতারা বলেন, তাকে তার প্রাপ্য জামিন দিয়ে মুক্ত পরিবেশে পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক। অন্যথায় চিকিৎসক সমাজ নীরবে বসে থাকবে না। দেশের সব জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন গড়ে তোলা হবে।

লিখিত বক্তব্যে ড্যাবের বিএসএমএমইউ শাখার সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ বলেন, আমরা মনে করি খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার অপপ্রয়াসে তার স্বাস্থ্য সম্পর্কিত অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া চরম অসুস্থতায় ভুগছেন। বাস্তবিক অর্থে উনি ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে যাচ্ছেন।