মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১৫ ডিসেম্বর তার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল। এর আগেই ছুটি বাতিলের শর্তে তাকে নতুনভাবে নিয়োগ দিল সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান তিনি। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম চুক্তিভিত্তিক নিয়োগে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে যোগদান করার পর খন্দকার আনোয়ারুল ইসলাম এ পদে যোগদান করেন।