এক নেতার ডিজিটাল বাংলাদেশ ভিশন এখন ১৬ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে মন্তব্য করে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ভিশন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর তার ঠিক ১১ বছর পর সেই ভিশন দেশের ১৬ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে’। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘১২ ডিসেম্বর ২০০৮ বাংলাদেশের বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১২ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার তুলে ধরেছিলেন। সেটিই ছিল ১৯৭৫-পরবর্তী সময়ে সবচেয়ে দীর্ঘমেয়াদি একমাত্র রূপকল্প।’ তিনি আরও বলেন, ‘সেই রূপকল্প নির্বাচনী ইশতেহারের প্রচলিত ধারণাকে পরিবর্তন করে দিয়েছিল। আমরা আগে দেখতাম যে দলই ক্ষমতায় এসেছে তারা তাদের ক্ষমতার পাঁচ বছরে কী করবে সেটাই তুলে ধরত। সেই প্রচলিত ধ্যানধারণাকে পেছনে ফেলে দিয়ে নতুন ধরনের এক ইশতেহার ঘোষণা করলেন।’