গ্রেটাকে ‘পাজি মেয়ে’ বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

জলবায়ু পরিবর্তন ঠেকানোর আন্দোলনে নেমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ‘বিস্ময়-বালিকা’ গ্রেটা থুনবার্গকে ‘পাজি মেয়ে’ বলে আক্রমণ করেছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো।

কয়েক দিন আগে আমাজনে পুলিশের সঙ্গে সংঘর্ষে সেখানকার দুইজন উপজাতি মারা যান। এই ঘটনায় ব্রাজিলের সমালোচনা করে ১৬ বছর বয়সী গ্রেটা।

এটি শুনে বোলসোনারো সাংবাদিকদের বলেন, ‘গ্রেটা বলছে আমাজন রক্ষা করতে গিয়ে তারা নিহত হয়েছে। মিডিয়া কীভাবে এর মতো পাজি মেয়েকে পাত্তা দেয়!’

বোলসোনারো মঙ্গলবার পর্তুগিজ ভাষায় গ্রেটাকে ‘পিরালহা’ বলে গালি দেন। আগেকার দিনে ‘ভিক্ষুকের সন্তান’ বলে কাউকে গালি দিতে এই শব্দটি ব্যবহার করা হতো। এখন ‘বাজে ব্যবহার’ করা বাচ্চাদের ক্ষেত্রে শব্দটি ব্যবহার করা হয়।

আমাজনের আগুনের খবরে কয়েক মাস ধরে উত্তাল বিশ্ব। গ্রেটার মতো তরুণ-তরুণীরা এর প্রতিবাদ করছে। তাদের দাবি, আধুনিক বিশ্ব তাদের পৃথিবীকে বসবাসের অযোগ্য করে রেখে যাচ্ছে।

কিশোরী গ্রেটা নিজের সহপাঠীদের জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনায় আসে। তার আন্দোলন সুইডেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে তার প্রজন্মকে ‘রক্ষা না করায়’ সে এবার জাতিসংঘে নিজের বক্তব্যে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করে।