নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হওয়া অনশন এখনো চলছে।
দাবি আদায়ের লক্ষ্যে কনকনে শীত উপেক্ষা করে শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান করছে। শ্রমিকরা রাতভর কাঁথা-বালিশ নিয়ে মিলগেটের সামনে অবস্থান করছে। দাবি আদায় না হলে তারা ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন।
বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে এ কর্মসূচি পালন করছেন।
অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুটমিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে। এর মধ্যে শত শত শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়।
অনশন কর্মসূচিতে ইউএমসি জুট মিলের সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এবারের আন্দোলন একমুঠো ভাতের জন্য আন্দোলন। এবারের আন্দোলন পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার আন্দোলন।
গত মাসের ২৩ তারিখ থেকে বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন আন্দোলন চললেও এ পর্যন্ত শ্রমিকদের দাবিদাওয়া পূরণ হয়নি।
আমরণ অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা আরও বলেন, ‘২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন-যাপন করছেন শ্রমিকরা।
১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবি। যা সরকার মানছেন না। ন্যায্য দাবি আদায়ের জন্য আমরণ অনশনে মিলের সকল শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শ্রমিকরা।