নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের নিজস্ব পরিচিতি ধুয়ে-মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বুধবার এক টুইটে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের নিজস্ব পরিচিতি ধুয়ে-মুছে ফেলার চেষ্টা করেছে নরেন্দ্র মোদি-অমিত শাহ সরকার।
উত্তর-পূর্ব ভারতের পাশে আছেন জানিয়ে কংগ্রেস নেতা বলেন, ‘নাগরিকত্ব বিল দেশের উত্তর-পূর্ব ভারতের জনজীবন ও সেখানকার মানুষের জীবনযাত্রার ওপর হামলা।’
বিরোধী দলগুলোর প্রতিবাদ সত্ত্বেও সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বুধবার বিলটি রাজ্যসভায় উত্থাপন করা হয়।
বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে উত্তপ্ত ভারত। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। চলছে সহিংস বিক্ষোভ।
এই বিলের প্রতিবাদে আসামে অনির্দিষ্টকালের জন্য বনধ ডাকা হয়। ত্রিপুরা, মণিপুর ও অরুণাচলেও বিক্ষোভ চলছে। এতে অংশ নিচ্ছেন বিপুলসংখ্যক লোকজন। ত্রিপুরায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
বিলে বলা হয়েছে- মুসলিম ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।