বিআরটিসি বন্ধ রেখেই নেত্রকোনায় বাস চলাচল শুরু

অবশেষে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে সরকার কর্তৃক ১০টি দ্বিতল বিশিষ্ট বিআরটিসি বাস বন্ধ রেখেই বেসরকারি মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু করেছে সকল রুটে।

বুধবার সকাল থেকে নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে সকল সড়কে বাস চলাচল শুরু করেছে। সরকার কর্তৃক বিআরটিসি বাস প্রদানকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট ডাকে পরিবহন মালিক শ্রমিক সমিতি।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে ময়মনসিংহ পরিবহন সংগঠন। পরে বুধবার সকাল থেকে নেত্রকোনা ধর্মঘট প্রত্যাহার করে গাড়ি চলাচল শুরু হয়।

এদিকে বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসগুলো ময়মনসিংহ ডিপোতে বন্দী রয়েছে।

তবে আরামদায়ক বাসগুলো বন্ধ করে দেওয়ায় জেলাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার সকালে নেত্রকোনা টিএনটি মোড় থেকে বিআরটিসি বাসের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ মো. শাজাহান মিয়া। পরবর্তীতে দুপুর থেকেই শ্রমিকদের দিয়ে বাস চলাচলে বাধা প্রদান করে এবং সন্ধ্যা থেকে বন্ধ করে দেয় ময়মনসিংহ মহুয়া বাসের মালিক সমিতি। এর প্রতিবাদে নেত্রকোনায় সোমবার বেলা ১১টায় মোক্তারপাড়া পৌরসভার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে নেত্রকোনাবাসী। এদিন বিকেল থেকে ময়মনসিংহ মালিক সমিতি বেসরকারি সকল রুটে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট ডাকে। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রশাসনের সাথে বৈঠক করে রাতে প্রত্যাহার করে। বুধবার সকাল থেকে নেত্রকোনার সকল বাস চলাচল শুরু করে।