খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার বিকেল সাড়ে ৩টায় খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানান বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি  বড়ুয়া।

তিনি বলেন, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়।

মেডিকেল রিপোর্টে কি বলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য নই। সে জন্য আমি বলতে পারব না কী বলা হয়েছে।

কনক কান্তি  বড়ুয়া জানান, আদালত থেকে ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা রয়েছে। নির্দেশনার আলোকে মেডিকেল বোর্ড তার কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। মেডিকেল বোর্ডের সে রিপোর্ট আদালতে পাঠানো হয়েছে।