বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

মোস্তাফিজকে মাঠের বাইরে পাঠালেন শানাকা

খুব একটা ফর্মে নেই মোস্তাফিজুর রহমান। তবে বুধবার বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বল হাতে দুর্দান্ত শুরু করেছিলেন বাঁ-হাতি পেসার। নিজের প্রথম দুই ওভারের প্রথম ডেলিভারিতেই নিয়েছিলেন উইকেট। রান খরচায় ছিলেন খুব কৃপণ। অথচ সেই ‘ফিজ’কেই ১৯তম ওভারে বেশ নাস্তানাবুদ করলেন দাসুন শানাকা। কুমিল্লা অধিনায়ক হাঁকালেন টানা চার ছক্কা। যার একটি তো রীতিমতো স্টেডিয়াম পেরোল।

শুধু মোস্তাফিজ নয়, স্লগ ওভারে শানাকা ঝড় বইয়ে দিয়েছেন জুনাইদ খান, লুইস জিওর্জির ওপরও। শানাকা ঝড়ে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লাও গড়েছে চ্যালেঞ্জিং পুঁজি।

বিপিএলের উদ্বোধনী দিনে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৩ রানের পুঁজি গড়েছে। শানাকা ৩১ বলে খেলেন অপরাজিত ৭৫ রানের টর্নেডো ইনিংস। ৩টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৯টি ছক্কা।

১৭ ওভার শেষে কুমিল্লার রান ছিল ৬ উইকেটে ১০৮। শানাকা তখন ১৪ বলে ১৫। অপর প্রান্তে ছিলেন আবু হায়দার রনি (৫)। সেখান থেকে শানাকা ঝড়ে শেষ তিন ওভারে ৬৫ রান যোগ করেছে কুমিল্লা।

মোস্তাফিজের করা ১৯তম ওভারে শানাকা নিয়েছেন মোট ২৬ রান। প্রথম বলটা ডট গেলেও দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকান শানাকা। পরের বলটা ‘নো’ ছিল। শানাকা তার ফায়দা তুলতে ভোলেননি। ছক্কা হাঁকান। এরপরের বলাটা তো ভিআইপি স্ট্যান্ডের সাদে গিয়ে পড়ল। প্রথম তিন ওভার শেষে মোস্তাফিজের বোলিং স্পেল ছিল ৩-০-১২-২। চার ওভারের কোটা শেষে সেই মোস্তাফিজের স্পেল দাঁড়াল ৪-০-৩৭-২।

১৮তম ওভারের শেষ বলে রনি ফিরেছিলেন ব্যক্তিগত ৬ রানে। এরপর উইকেটে আসেন সানজামুল ইসলাম। কিন্তু স্ট্রাইক রোটেট করে খেলে শেষ দুই ওভার খেলেছেন শুধু শানাকাই। সানজামুল কোনো বল না খেলে শূন্য রানে অপরাজিত থেকে যান।

রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, সঞ্জিত বিশ্বাস ও লুইস জিওর্জি।