যুক্তরাষ্ট্রে সৌদি সামরিক প্রশিক্ষণ বন্ধ

যুক্তরাষ্ট্রের সৌদি আরবের সব সামরিক সদস্যের প্রায়োগিক প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পেন্টাগন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ফ্লোরিডার এক নৌঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর একজন লেফটেন্যান্ট গুলি করে তিন মার্কিন নাবিককে হত্যার পর গত মঙ্গলবার এ ঘোষণা দেয় পেন্টাগন। শুক্রবারের ওই ঘটনায় পুলিশের গুলিতে নিহত হন ওই সৌদি লেফটেন্যান্ট।

বার্তা সংস্থা এএফপি বলছে, পেন্টাগনের এ ঘোষণা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে থাকা সৌদি সামরিক সদস্যদের কার্যক্রমের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা সৌদি আরবের সামরিক বাহিনীর ৩০০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী পাইলট ‘সেইফটি স্ট্যান্ড-ডাউন’ অবস্থায় থাকবে।

এই সিদ্ধান্ত সৌদির পদাতিক বাহিনীর সদস্য ও প্রশিক্ষণে থাকা অন্যদের ক্ষেত্রেও কার্যকর হবে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে পাঠ্যক্রমের মতো ক্লাসরুম প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রক্রিয়া বিস্তৃতভাবে পর্যালোচনা করার অভিপ্রায়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।