দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে সিরিজ ভারতের

যেন একদলের সঙ্গে আরেক দলের ব্যাটিং শক্তির লড়াই। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই দলের ব্যাটিংটাই ছিল বড় বিজ্ঞাপন। বুধবার সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে ভারত অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করল। রানের পাহাড় গড়ে জিতে নিল সিরিজ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিনের ম্যাচটি ৬৭ রানে জিতে নেয় ভারত। টস হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৪০ রান করেছিল ভারত। টি-টোয়েন্টিতে যা তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর। জবাবে ৮ উইকেটে ১৭৩ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। ভারত সিরিজ নিজেদের করে ২-১ এ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের পুঁজি গড়েও হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচটা আবার ভারতের দেওয়া ১৭১ রানের লক্ষ্য খুব সহজেই পেরিয়ে যায় ক্যারিবীয়রা। সব মিলে তিন ম্যাচের সিরিজে নিখাদ ব্যাটিং বিনোদন উপভোগ করে গেছেন দর্শকেরা।

এদিন ভারতের হয়ে একসঙ্গে জ্বলে ওঠেন রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি। রোহিত ৩৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় খেলেন ৭১ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে যিনি ৪০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন এই ম্যাচে। রাহুল সর্বোচ্চ ৯১ রান করেন। ৫৬ বলের ইনিংসে হাঁকিয়েছেন ৯টি চার ও ৪ ছক্কা। কোহলি অপরাজিত ৭০ রান করেন মাত্র ২৯ বলে। ৪টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

জবাবে কিয়েরন পোলার্ডের ৬৮ ও শিমরোন হেটমায়ারের ৪১ রান ছাড়া ওভাবে কেউ জ্বলে উঠতে পারেনি। ফলে পাহাড় লক্ষ্যের ধারে কাছেও যাওয়া হয়নি ক্যারিবীয়দের।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দিপক চাহার, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও কুলদিপ যাদব। ম্যাচসেরা হয়েছেন লোকেশ রাহুল।