স্বাস্থ্যশিক্ষা ব্যুরো

নিম্নপদে থেকেও ব্যবহার করছেন পাজেরো গাড়ি

অধিকার না থাকলেও পাজেরো গাড়ি ব্যবহার করে সরকারি লাখ লাখ টাকার অপচয় করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্যশিক্ষা ব্যুরো প্রকল্পের নিম্নপদের কর্মকর্তারা। অধিদপ্তরের গণসচেতনতামূলক প্রচার সার্ভিস প্রকল্পের অন্তত ২৫-৩০টি গাড়ি ব্যবহারে এমন অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিকভাবে ওই প্রকল্পের ছয়টি প্রজেক্টর ছয়টির লগ বই জব্দ করেছে দুদকের অভিযান টিম। এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দেশ রূপান্তরকে তিনি বলেন, গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনী ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত অ্যানফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদক টিম অভিযানে ওই প্রকল্পের অধীনে ছয়টি প্রজেক্ট যাবতীয় তথ্য সংগ্রহ করেছে। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট নিম্নপদের কর্মকর্তাদের পাজেরো গাড়ি ব্যবহারের তথ্য মিলেছে। এমনকি সংশ্লিষ্টদের গাড়ি ব্যবহারের প্রাধিকার-সংক্রান্ত প্রমাণাদি স্বাস্থ্যশিক্ষা ব্যুরো দুদক প্রতিনিধিদের দেখাতে পারেনি। টিম বিস্তারিত অনুসন্ধানের স্বার্থে ওই ছয়টি গাড়ির লগ বই সংগ্রহ করে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শেষে কমিশনের কাছে প্রতিবেদন পেশ করবে বলেও জানা যায়।