জগন্নাথ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব সন্ধ্যাকালীন কোর্স বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওয়াহেদুজ্জামান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সান্ধ্যকালীন প্রোগ্রামে নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করার অনুরোধ করা হয়েছে। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যেসব শিক্ষার্থীকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ থাকবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বুধবার দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তৃতায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে বলেছিলেন, এর মধ্য দিয়ে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সব সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে সান্ধ্য কোর্স চালু রয়েছে।
এর আগে বুধবার ইউজিসির নির্দেশনা পেলে সান্ধ্য কোর্স বন্ধ করে দেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
তিনি বলেন, আমাদের আসন্ন সমাবর্তনে সন্ধ্যাকালীন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। আমরা ইউজিসির চিঠি পাওয়ামাত্রই সান্ধ্য কোর্স বন্ধ করে দেব।