বিএনপির কর্মী সন্দেহে পুলিশের পিটুনি খেলেন ডিএসবি সদস্য

মৌলভীবাজারে বিএনপির কর্মী সন্দেহে ভুল বুঝাবুঝিতে পুলিশের পিটুনি খেলেন ডিএসবির কন্সটেবল আবুল বাশার। বৃহস্পতিবার সকাল ১১টার মৌলভীবাজার চৌমুহনায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার চৌমূহনায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচী গ্রহণ করে মৌলভীবাজার জেলা বিএনপি।   সময়ের আগেই সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করতে চৌমূহনী এলাকায় আসেন ডিএসবি সদস্য আবুল বাশার।  অন্যদিকে চৌমূহনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

সকাল ১১টার দিকে বিএনপির ১৫-২০ জন লোক মিছিলের জন্য রাস্তায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় তখন ডিএসবি সদস্য আবুল বাশার দায়িত্ব পালন করছিলেন চৌমুহনায়।

এ সময় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন ডিএসবি সদস্য আবুল বাশারকে পিছন দিক থেকে এসে থাপ্পড় দেন।  পরে ডিএসবি সদস্য নিজেকে বিএনপি কর্মী নন, ডিএসবির সদস্য হিসেবে পরিচয় দিয়ে রক্ষা পান।

ডিএসবি সদস্য আবুল বাশার জানান, ‘সকালে আমি অফিসে আসার পর পুলিশ সুপার স্যারের নির্দেশে ডিআইও-১ আবু তাহের স্যারের সঙ্গে চৌমুহনা পয়েন্টে যাই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে। ঘটনার সময় আমি যখন ছবি তুলতে যাই হঠাৎ পিছন দিক থেকে আমাকে ড্রেস পরিহিত অবস্থায় আক্রমণ করেন ওসি। তখন তাকে বলি যে আমি ডিএসবি সদস্য। এরপর তিনি থামেন’।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন জানান, ছত্রভঙ্গ করতে অজান্তে ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার। যেহেতু গোয়েন্দা সংস্থার বাশারের আলাদা ড্রেস ছিল না তাই ছত্রভঙ্গ করার সময়ে বিএনপির কর্মী মনে হয়েছে। পরে পরিচয় পেয়ে আমরা বিষয়টা মিটিয়ে নিয়েছি। একটি ভুল-বুঝাবুঝি ঘটেছে। বিষয়টি যত প্রকাশ পাবে তত আমাদের জন্য লজ্জার।