প্রথম ম্যাচ জিতে বিপিএলে শুভসূচনা করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা প্লাটুন। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও কুমিল্লার টপঅর্ডার ছিল ব্যর্থ। ঢাকার সঙ্গে এই দিকটায় ভালো করতে চান দলটির ইংলিশ ব্যাটসম্যান ডাভিড মালান।
মালানের স্বীকারোক্তি রংপুরের বিপক্ষে অধিনায়ক দাসুন শানাকার ইনিংসটি না থাকলে তাদের জেতা কঠিন হতো। গতকাল অনুশীলন শেষে এই ইংলিশ ব্যাটসম্যান জানান, ‘আমাদের পরের ম্যাচ ঢাকার সঙ্গে। কাগজে-কলমে ওরা শক্তিশালী দল, ভালো বোলিং সাইড। ওদের সঙ্গে ভালো করতে হলে আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে। গত ম্যাচে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে খারাপ করেছি। অধিনায়ক শানাকা ওইরকম একটি ইনিংস (৩১ বলে ৭৫) না খেললে আমাদের জেতা কঠিন হয়ে যেত। ঢাকার বিপক্ষে এই দিকটাই ব্যাটসম্যানদের উন্নতি করতে হবে।
টুর্নামেন্টের শুরুতেই দলের দুর্বলতা জানা গেছে দেখে স্বস্তি মালানের কণ্ঠে। এখন নিজেদের ভুল শুধরে ভবিষ্যতের জন্য তৈরি হতে চান, ‘টুর্নামেন্ট এখনো প্রথম দিকে। এখনই টিম কম্বিনেশন ঠিক করাই চ্যালেঞ্জ। ভালো করলে চ্যালেঞ্জ আসে না। খারাপ করলেই আসে। শানাকার জন্য চ্যালেঞ্জ এগিয়ে যাওয়া আমাদের জন্য ভুল শুধরে নেওয়া। আশা করি টুর্নামেন্ট যত গভীর হবে আমরা ভুলগুলো কাটিয়ে উঠব।’