বিবিপিএলের উদ্বোধন

মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে গান না থাকায় ক্ষোভ সাংস্কৃতিক জোটের

‘বঙ্গবন্ধু বিপিএল’-এর উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কোনো গান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংস্কৃতিক জোট আয়োজিত চার দিনব্যাপী বিজয় উৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ড়্গোভ প্রকাশ করা হয়।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘বিজয়ের মাসে বাংলাদেশে অনুষ্ঠান হচ্ছে, অথচ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো গান না থাকাটা সঠিক হয়নি। এবারের বিপিএল আসর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। কিন্তু এর উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের একটি গান হলো না, বাংলাদেশে কি এমন কোনো শিল্পী ছিলেন না যিনি বঙ্গবন্ধুকে নিয়ে গান করতে পারেন? এটি আমাদের জন্য লজ্জার।’

৮ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংগীতশিল্পী শুভ, রেশমি মির্জা, ব্যান্ড তারকা জেমসের পর ভারতের শিল্পী সনু নিগম, কৈলাস খের গান শোনান উপস্থিত দর্শকদের। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও সালমান খানও পারফর্ম করেন।

গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘বিজয়ের মাসে বাংলাদেশের একটি আয়োজনের উদ্বোধন করা হলো ভিনদেশি শিল্পীদের দিয়ে। সেখানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে দেশীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাচ থাকতে পারত। আমরা মনে করি, এ বিষয়টি সঠিক হয়নি। আয়োজকদের বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল। বিপিএলের উদ্বোধনী আয়োজনটি কোনোভাবেই বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না।’

‘বিজয়ের অঙ্গীকার, সাংস্কৃতিক অধিকার’ সেস্নাগান নিয়ে এবারের বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে বিজয় উৎসবের উদ্বোধন করবেন ভাষাসংগ্রামী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।