খুলনায় ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজ

খুলনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিজমাসংক্রান্ত সালিস করার দায়ে বটিয়াঘাটা থানার ওসি রবিউল ইসলাম, এসআই মিকাইল হোসেন ও এএসআই কামরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

অভিযোগে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সিলিন্ডামারী স্থানে গোবিন্দর জমিজমাসংক্রান্ত মামলায় আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করে। কিন্তু থানার ওসি ও দুই এএসআই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির মালিকানা নিয়ে সালিস করেন। এ সময় আর্থিক লেনদেনের ঘটনাও ঘটে। এ বিষয়ে গোবিন্দ পুলিশ সুপার বরাবর আবেদন করলে ওই তিন পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

 বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। খুলনা পুলিশ সুপারের নির্দেশে ৫ ডিসেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।