যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফের জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক। এবার তৃতীয় মেয়াদের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন লেবার পার্টির এই নেত্রী।
লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থীকে ১৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে হারান। রুপা হক প্রাপ্ত ভোট ২৮ হাজার ১৩২।
২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক। সেবার তিনি মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেয়ে চমক সৃষ্টি করেন। ২০১৭ সালে তিনি জিতেছিলেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে।
লন্ডনে জন্মগ্রহণ করলেও পরিবার সূত্রে রুপা হকের বাড়ি বাংলাদেশের পাবনায়। পেশায় তিনি কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের শিক্ষক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।
বুথ ফেরত জরিপও বলছে, ৩৬৮টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বরিস জনসনের নেতৃত্বাধীন দলটি। বিপরীতে গতবারের চেয়ে ৭১টি কমে ১৯১টি আসন নিয়ে হারতে যাচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি।