ব্রিটিশ নির্বাচনে দলের ভরাডুবিতে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
রয়টার্স জানায়, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ৮৪ বছরের মধ্যে লেবার পার্টির সবচেয়ে খারাপ ফলাফলের ইঙ্গিত পেয়ে এমন ঘোষণা দেন শ্রমিক নেতা জেরেমি করবিন।
তিনি জানান, আগামী নির্বাচনে তিনি আর পার্টির নেতৃত্বে থাকবেন না। তবে কখন দলটির শীর্ষপদ থেকে সরে দাঁড়াচ্ছেন সেটি নির্দিষ্ট করে বলেননি তিনি।
২০১৫ সালে দুঃসময়ে দলের হাল ধরেছিলেন এই প্রবীণ লেবার নেতা। নির্বাচনে দারুণ আশা জাগিয়েও ১৯৩৫ সালের নির্বাচনের পর সবচেয়ে খারাপ ফলাফল করেছে করবিনের দল।
করবিন জানান, শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেও দলের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনায় দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবারের নির্বাচনে ৬৫৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৬২১টি আসনের ফলাফল প্রকাশ পেয়েছে।
এতে দেখা যাচ্ছে, ৩৪৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন ছাড়িয়ে গেছে কনজারভেটিভ পার্টি। জনসনের প্রধান প্রতিদ্বন্দ্বী জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি পেয়েছে ২০১ আসন।
ব্রিটিশ পার্লামেন্টে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২৬ আসন।
বুথ ফেরত জরিপ থেকে জানা গেছে, নির্বাচনে ৩৬৮টি আসন পেতে যাচ্ছে জনসনের দল যা ২০১৭ সালের নির্বাচন থেকে ৫০টিরও বেশি।
সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮৬টি বেশি আসন নিয়ে এককভাবে সরকার গঠন যাচ্ছে কনজারভেটিভ পার্টি। এর বিপরীতে লেবার পার্টির আসন কমতে যাচ্ছে ৭১টি। গতবারের চেয়ে ৮ শতাংশ ভোট কমে গিয়ে করবিনের দলটি পেতে যাচ্ছে ১৯১টি আসন।
টোরি দলের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে সুরাহা হবে যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যু। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে দেশটি।