নিজে ক্রিকেটার। কিন্তু শুভেচ্ছা দূত হলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগের! হ্যাঁ, ঠিকই শুনছেন। স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ লা লিগার ভারতের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রোহিত শর্মা! বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সৌজন্যে ফুটবল পাগল দেশ ভারতে লা লিগা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দেশটিতে রয়েছে এই লিগের বিশাল সমর্থকগোষ্ঠী। ভারতে বেশ কয়েক বছর ধরে লা লিগা তাদের উপস্থিতি জোরালো করতে চাচ্ছে। সে লক্ষ্যেই রোহিতকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
ক্রিকেটার হলেও ফুটবলের প্রতিও দুর্বল রোহিত। লা লিগার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর টুইটারে তিনি লিখেছেন, “আপনারা জানেন যে, ফুটবল বরাবরই আমার হৃদয়ে একটা আলাদা জায়গায় রয়েছে। ফলে লা লিগার সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব খুশি।”
লা লিগা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর জোসে আন্তোনিও কাচাজা বলছেন, “ভারতে ফুটবলের একটা বিরাট জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের নিরিখে লা লিগার জন্য ভারতের বাজারটা অত্যন্ত ভালো। রোহিত কিন্তু লা লিগার প্রথম নন-ফুটবলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো। মাঠ ও মাঠের বাইরে তার ব্যক্তিত্ব আমাদের মোহিত করেছে। লা লিগার মান আর নীতির সঙ্গে ওকে ভাবা যায়।”
এই মুহূর্তে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার লিগ টেবিলে শীর্ষে বার্সেলোনা। সমসংখ্যক পয়েন্টে পেয়ে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিনে রয়েছে সেভিয়া। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩১।