সংস্কৃত ভাষায় কথা বললে কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বলে মন্তব্য করে হাসির খোরাক হয়েছেন এক বিজেপি এমপি।
সংবাদ প্রতিদিন জানায়, বৃহস্পতিবার পার্লামেন্টে সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিল নিয়ে আলোচনার সময় এমন মন্তব্য করেন বিজেপি এমপি গণেশ সিং।
তিনি বলেন, ‘মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, যদি কম্পিউটার প্রোগ্রামিং সংস্কৃতে করা হয়ে তাহলে তা নিখুঁত হয়। আমেরিকার একটি গবেষণা সংস্থাও সংস্কৃত নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা গবেষণা করে দেখেছে যে প্রতিদিন সংস্কৃতে কথা বলা দেহের নার্ভ সিস্টেমকে উজ্জীবিত করে। ডায়াবেটিস ও কোলেস্টেরলকে সমুদ্রে ছুড়ে ফেলে দেয়।’
তার দাবি, ইসলামিক ভাষাগুলোসহ বিশ্বের ৯৭ শতাংশ ভাষাই সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে।
ভারতে সংস্কৃত ভাষার প্রসারে দৃঢ়প্রতিজ্ঞ বিজেপি সরকার। তাই তিনটি সংস্কৃত শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে লোকসভায় আনা হয় বিলটি।
বুধবার সংসদে এই বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গী। বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘সংস্কৃত খুবই নমনীয় একটি ভাষা। এতে একটি বাক্যকে বিভিন্নভাবে বলা যায়।’
তিনি বলেন, ‘ব্রাদার ও কাউ এর মতো ইংরেজি শব্দগুলোও সংস্কৃত থেকেই জন্ম নিয়েছে। আর বিশ্বের প্রাচীন এই ভাষার প্রচারের চেষ্টা অন্য কোনো ভাষার ওপর প্রভাব ফেলবে না।’