কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি দেওয়া আইন পরিপন্থী: গণপূর্তমন্ত্রী

খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। দুর্নীতির দায় থেকে সরকার তাকে মুক্ত করে দেবে এ কথা ভাবা যেমন আহাম্মকি, সেটা আইনেরও পরিপন্থী বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাস করেন। ফলে কোনোভাবেই কোন দুর্নীতিবাজ বা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সরকারের সাহায্য করার প্রশ্নই ওঠে না।”

বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনা উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়ার জামিন দেওয়ার ব্যাপারে উপযুক্ত কারণ না পাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিরা সম্মতিক্রমে তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “বিএনপি রাজনৈতিকভাবে এখন দেউলিয়া হয়ে গেছে, তাদের আন্দোলনে সরকার ভীত নয়। আওয়ামী অনেক পুরোনো দল। অনেক চড়াই-উতরাই পার হয়ে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করে আজকে পর্যন্ত এসেছে। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি নেতারা যে সরকার পতন আন্দোলনের হুমকি দিচ্ছে এটা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না।”

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহম্মদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শঙ্কর কুমার মালো, উপবিভাগীয় প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।