অকালেই চলে গেলেন প্রতিভাবান ক্রীড়া সাংবাদিক অর্ণব

মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া বিভাগের সহ সম্পাদক অর্ণব মজুমদার।

শুক্রবার দুপুরে অসুস্থ বোধ করায় ওষুধ কিনতে ফার্মেসিতে গিয়েছিলেন অর্ণব। সেখানে সে চেতনা হারিয়ে পড়ে গেলে পুলিশের সহায়তায় তাকে স্থানীয় কেসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ডাক্তার জানান, অর্ণব আগেই মারা গেছে।

অর্ণবের বাবা দিলীপ কুমার মজুমদার আগেই মারা গেছেন। মা ঝুনু রানী সরকার একজন অবসরপ্রাপ্ত নার্স, থাকেন নেত্রকোনার গ্রামের বাড়িতে। একমাত্র বোন সুভদ্রা ঊর্মিলা মজুমদার পেশায় চিকিৎসক, বর্তমানে ভারতের চেন্নাইয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন তিনি।

ঢাকার দক্ষিণখানে ছোট কাকার বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সংবাদপত্রে কাজ শুরু করেন অর্ণব। খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই বেছে নেন ক্রীড়া সাংবাদিকতা। গত অক্টোবরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে তিন বছর দৈনিক সমকালের ক্রীড়া বিভাগে কাজ করেছিলেন তিনি।

অর্ণবের মৃত্যুতে সন্ধ্যায় বিপিএলের ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে শোক জানানো হয়।