নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাটাখালী গ্রামের একটি পুকুর থেকে মিশুকচালক মো. মান্নার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে গজারিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে। হাত-পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মান্না হত্যার ঘটনায় জড়িত যাত্রীবেশী কয়েক যুবকের দিকেই পুলিশের সন্দেহের তীর। পুলিশ যাত্রীবেশী ওই যুবকদের খোঁজে তাদের বাড়িতে গিয়ে জানতে পারে পরিবার নিয়ে তারা পালিয়ে গেছে। মান্না উপজেলার দড়্গিণ ফুলদী গ্রামের মঞ্জু মাদবরের ছেলে। গত ৮ ডিসেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে মিশুক নিয়ে বের হয়ে নিখোঁজ হয় সে। পরদিন তার মা খাদিজা বেগম যাত্রীবেশী তিন যুবকের নাম উল্লেখ করে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ জানান, শুক্রবার সকালে স্থানীয়রা কাটাখালী গ্রামের পুকুরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মান্নার লাশ উদ্ধার করে। তার হাত ও পায়ের রগ কাটার চিহ্ন পাওয়া গেছে। ওসি আরও জানান, মান্নার মায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে যাত্রীবেশী যুবকদের খুঁজছে পুলিশ। ওই যুবকরা পরিবার নিয়ে পালিয়ে গেছে।