১৮ ডিসেম্বরই এল ক্লাসিকো

২৬ অক্টোবর হওয়ার কথা ছিল চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো। কিন্তু স্পেনে কাতালান স্বাধীনতাকামীদের সঙ্গে মাদ্রিদ রাজত্বের দ্বন্দ্বে পিছিয়ে গেছে লিগের ম্যাচটি। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটির পুনঃতারিখ নির্ধারিত হয় ১৮ ডিসেম্বর। এখন এই তারিখেও ম্যাচ বার্সেলোনার মাঠে হওয়া নিয়ে শঙ্কা জেগেছে। অবশ্য বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ জানিয়েছেন ওই তারিখেই নিজেদের মাঠে ‘এল ক্লাসিকো’ আয়োজন করবেন তারা।

স্প¨ানিশ রাজত্ব থেকে আলাদা হওয়ার লক্ষ্যে আন্দোলনরত কাতালান স্বাধীনতাকামীরা ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে ‘বিশাল’ প্রতিবাদের ঘোষণা দিয়ে রেখেছে। স্পেনের রাজধানী মাদ্রিদের দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তারা যে করেই হোক স্প¨ানিশ রাজত্বকে শক্ত বার্তা দিতে চায়। তাই ১৮ তারিখের জন্য প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এই ভয় দূর করে বার্তেমেউ জানান, ‘আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি যে ক্লাসিকো হবে, এবার আর পেছানো হবে না। এটা লিগ, দুই প্রতিপক্ষসহ সবার দায়িত্ব যে অন্যতম আগ্রহের ম্যাচটি মাঠে গড়ানোর ব্যবস্থা করা। আমরা জানি কাতালুনিয়ার এই সময়ে খুব সমস্যা চলছে কিন্তু এটা একমাত্র খেলা দিয়েই থামানো সম্ভব।’

প্রতিবাদকারীরা তাদের কর্মসূচির ঘোষণা দিলেও বার্তেমেউ বলছেন ভয়ের কারণ নেই, ‘আমাদের স্টেডিয়াম হচ্ছে অনুভূতি প্রকাশের জায়গা। সবসময় ছিল এবং থাকবে। এ জন্যই আমরা বিশ্বকে স্বাভাবিক ও শান্তির বার্তা দিতে চাইছি। আমাদের মধ্যে কোনো ভয় নেই। ক্লাব বরাবরের নিয়ম মেনে এল ক্লাসিকোর জন্য প্রস্তুত হচ্ছে এবং মৌসুমের প্রথম ক্লাসিকোকে সামনে রেখে আমরা আগের সববারের মতো সবাইকে বলেছি পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামে আসুন। সবাই মিলে আমরা খুব সুন্দর একটি ক্লাসিকো উপহার দিতে পারি।’