গাজীপুরে নারী শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

নগরীর ভাওয়াল গাজীপুর এলাকায় আসমা আক্তার ওরফে সাথী (২৬) নামে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, শ্বাসরোধে আসমাকে হত্যা করা হয়েছে।  নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ভাওয়াল গাজীপুর এলাকার মৃত কছিম উদ্দিনের মেয়ে আসমা সালনার মেরিকো ইমেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, আসমা বৃহস্পতিবার সকালে কারখানায় কাজে যান। বেতন নিয়ে রাত ৮টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বিকেলে তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তার পাশে জঙ্গলে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আসমার মা মেয়ের লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেতনের টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ছিনতাইকারীরা গলায় রশি পেঁচিয়ে আসমাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।