বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে প্রভাত ফেরির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। প্রভাত ফেরিটি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলকে গিয়ে শেষ হয়। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

পরবর্তীতে দিবসটি উপলক্ষে সকাল ৭টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতারা বধ্যভূমিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

এ সময় সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

এরপর জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।