টেস্টে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ১২তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পার্থ টেস্টে শনিবার এই কীর্তি গড়েন ৩৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।

ব্যাট হাতে সময়টা আসলে দারুণ কাটছে ওয়ার্নারের। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে রানের ফোয়ারা ছুটিয়েছেন। অ্যাডিলেডে তো ব্রায়ান লারার সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসকে (৪০০*) হুমকির মুখেই ফেলে দিয়েছিলেন।

অধিনায়ক টিম পেইন ইনিংস ঘোষণা না করলে হয়তো ব্রায়ান লারাকে পেছনেই ফেলে দিতেন ওয়ার্নার। শেষ পর্যন্ত সেদিন অপরাজিত ছিলেন ৩৩৫ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে প্রথম টেস্টে নামার আগে ওয়ার্নারের রান ছিল ৬৯৪৭ রান। ৬৯৯৬ রানে ক্যারিয়ার শেষ করা স্যার ডন ব্র্যাডম্যানের ঠিক পরের স্থানটিতেই ছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪৩ রানে আউট হয়েছিলেন। তাতে ৭ হাজারি ক্লাব থেকে ছিলেন ১০ রান দূরে। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়ার্নার আউট হওয়ার আগে খেলেন ১৯ রানের ইনিংস। যে ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় প্রথমে ব্র্যাডম্যানকে টপকে যান ওয়ার্নার। পরে পূরণ করে ফেলেন ৭ হাজার রানের মাইলফলকও।

ওয়ার্নার ৭ হাজার রান করলেন ১৫১ ইনিংসে। গত ৩০ নভেম্বর স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম ৭ হাজার রান পূরণের রেকর্ড গড়েছিলেন। স্মিথের লেগেছিল ১২৬ ইনিংস।