শহীদ বুদ্ধিজীবী দিবসে বিপিএল কেন: অনল রায়হান

শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জহির রায়হানের ছেলে অনল রায়হান। 

শনিবার তিনি তার ফেসবুকে এ দিনে বিপিএল আয়োজনের সমালোচনা করেন। বুধবার শুরু হওয়া এবারের বিশেষ বিপিএল আয়োজনে শনিবার ছিল দুটি খেলা। 

অনল রায়হান এ বিষয়ে ক্ষোভ জানিয়ে য়েসবুকে লেখেন-  

'একদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস। অন্যদিকে বিপিএল!
একই দিনে এ কিভাবে সম্ভব?
ভোর সকালে মনের দগ্ধ আর ক্ষোভ নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক
দিয়ে এসে বিকেল থেকে রাত অবধি চার ছক্কার চ্যাঁচামেচি!
টিভির পর্দায় শহীদদের লাশের ছবির পরেই বিপিএল এর খেলোয়ার,
উদ্যোক্তা আর উপস্থাপকের চকচকে হাসির ছবি!

বিজয় দিবসেও বিপিএল হতে পারে।
কিন্তু আজ কেন?

শহীদরা শুধু শহীদ পরিবারের আর শেখ হাসিনার?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না?
খেলোয়ার, কর্মকর্তাদের মন খারাপের কিছু নেই?
তারা যে আজ বাংলাদেশের ক্রিকেট খেলছে তার জন্য
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তাদের কোনো দায় নেই?
বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিচ্ছিন্ন ইভেন্ট?

এ ধরনের শহীদ বুদ্ধিজীবী দিবস আমার পিতার
আত্মদানকে ঠাট্টার সামিল।
কিছু মৃত্যু। কিছু সত্য। কিছু ইতিহাসের জন্য জাতিকে
মৌলবাদি হতে হয়।

উদারপন্থার উদোরে সব ঢেলে দেয়ার পক্ষপাতি আমি নই।'