‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে একটি ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালানোর দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গত শুক্রবার রাতে এ পরীক্ষাটি করা হয়।

এক সপ্তাহের ব্যবধানে এই সোহে উৎক্ষেপণ কেন্দ্রে দুবার ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালানো হয়েছে। যদিও এ কেন্দ্রটিতে দেশটি কী পরীক্ষা চালিয়েছে তা পুরোপুরি পরিষ্কার নয়।

পরীক্ষাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক পরীক্ষা হতে পারে বলে বিবিসিকে জানিয়েছেন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের বিশেষজ্ঞ অঙ্কিতা পাণ্ডে। এর আগে উত্তর কোরিয়া এই সোহে কেন্দ্রটি ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটি একের পর এক অস্ত্র পরীক্ষা করছে।

দেশটির পারমাণবিক অস্ত্র নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা স্থবির হয়ে আছে। উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ না করা পর্যন্ত তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।