যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রমে বাধার দুটি অভিযোগে অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদের বিচারবিভাগীয় কমিটি। অনকে বাগ্বিত-ার পর গত শুক্রবার ২৩-১৭ ভোটে এটি অনুমোদিত হয় বলে জানিয়েছে সিএনএন।
কংগ্রেসের গুরুত্বপূর্ণ এ কমিটির সায় পাওয়ায় এখন কয়েকদিনের মধ্যেই অভিযোগ দুটি নিয়ে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভুটি হবে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ এ কক্ষে ট্রাম্প হারবেন বলেই অনুমান করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের ভোট বিপক্ষে গেলে উচ্চকক্ষ সিনেটে শুরু হবে প্রেসিডেন্টকে অভিশংসনের চূড়ান্ত বিচার। শুক্রবার মাত্র ১০ মিনিটের শুনানি শেষেই বিচারবিভাগীয় কমিটি ট্রাম্পের বিরুদ্ধে আনা দুই অভিযোগে অনুমোদন দেয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বলা হয়েছে, আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দুর্নীতি নিয়ে তদন্ত করতে ইউক্রেইনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের স্বার্থ হাসিলে বিদেশি একটি রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন।
প্রতিনিধি পরিষদের তদন্তে সহযোগিতা না করায় ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের কার্যক্রম বাধাগ্রস্ত করার অন্য অভিযোগটি আনা হয়েছে। প্রেসিডেন্টকে ‘অভিশংসনযোগ্য’ এ অভিযোগ দুটির ধারাগুলো ৯ পৃষ্ঠা জুড়ে বিবৃত হয়েছে।
এ নিয়ে গত বৃহস্পতিবারই হাউজের এই জুডিশিয়ারি কমিটিতে ভোট হওয়ার কথা ছিল। যদিও পক্ষে-বিপক্ষে ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা বিতর্কে তা আটকে যায়। ভোট পেছানোয় কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান জেরি নাডলারের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকানরা। তাদের ভাষ্য, বেশি টেলিভিশন সম্প্রচারের আকাক্সক্ষাতেই নাডলার ভোট পিছিয়ে দিয়েছেন। বিচারবিভাগীয় কমিটিতে অভিযোগ দুটি অনুমোদিত হওয়ার পর এক বিবৃতিতে নেডলার শুক্রবারকে যুক্তরাষ্ট্রের জন্য ‘গভীর বিষাদের দিন’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। এ নিয়ে প্রতিনিধি পরিষদ দ্রুততম সময়ের মধ্যে তার ‘দায়িত্ব সারবে’ বলেও জানিয়েছেন তিনি।
ডেমোক্র্যাটদের এ পুরো প্রক্রিয়াকে ‘উইচ হান্ট’, ‘ধোঁকাবাজি’ ও ‘চালাকি’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্যারাগুয়ের প্রেসিডেন্টকে পাশে রেখে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘তারা নিজেরাই নিজেদের বোকা বানাচ্ছে। এটা দেশের জন্য দুঃখের। যদিও রাজনৈতিকভাবে এটি আমাকে লাভবান করবে বলেই মনে হচ্ছে।’