নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে তৃতীয় দিন শেষেই মজবুত অবস্থানে অস্ট্রেলিয়া। দিবারাত্রির টেস্টে এরই মধ্যে ৪১৭ রানের লিড পেয়েছে দলটি।
আগের দিনের ৫ উইকেটে ১০৯ রানে নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। দলটি আর ৫৭ রান যোগ করতেই গুটিয়ে যায়। আগের দিন ৪ উইকেট পাওয়া মিচেল স্টার্ক এদিন আরো এক উইকেট পেয়েছেন। সর্বাধিক ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুঁড়িয়ে দেওয়ার কাজটা করেছেন স্টার্কই।
কিউইদের ইনিংসে সর্বোচ্চ ৮০ রান করেন রস টেইলর। অপরাজিত ৬৬ রানে দিন শুরু করেছিলেন তিনি।
প্রথম ইনিংসে ২৫০ রানের লিড পাওয়া অজিরা ৬ উইকেটে ১৬৭ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড বোলারদের দাপটে আসলে সুবিধা করতে পারছে না অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩১ রান করে ফেললেও শেষ পর্যন্ত ১৬০ রান করতে ৬ উইকেট হারিয়ে ফেলে অজিরা। তবে প্রথম ইনিংসের বড় লিডে এরই মধ্যে জেতার মতো লিড পেয়ে গেছে দলটি।
প্রথম ইনিংসে ১৪৩ রানের ইনিংস খেলা মারনাস লাবুশেন দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেয়েছেন। ৮১ বলে ৫০ রান করেন লাবুশেন। অন্যদিকে ১২৩ বলে ৫৩ রান করেন জো বার্নস।
কিউইদের পক্ষে টিম সাউদি ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।