যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের আচরণে ড়্গোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংঠনের নেতাকর্মীরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা জানানোর আগে কাউকে বধ্যভূমির বেদিতে উঠতে বাধা দেন যশোর কোতোয়ালি থানার ওসি।
যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, সকাল ৯টার আগে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি জানানো যাবে না এমন কোনো নির্দেশনার কথা জানা ছিল না। আমরা সাড়ে ৮টার দিকে ফুল দিতে গেলে পুলিশ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যশোর শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘আমরা ৫০-৬০ জন ডাক্তার সকাল সাড়ে ৮টার মধ্যে বধ্যভূমিতে চলে যাই। কারণ মেডিকেল কলেজে পরীক্ষা চলছে। সকাল ৯টার মধ্যে আমাদের হাসপাতালের ইলেকট্রনিক ডিভাইসে উপস্থিতি নিশ্চিত করতে হয়। কিন্তু পুলিশের বাধায় আমরা সময়মতো শ্রদ্ধা জানাতে ব্যর্থ হই। এ কারণে আমাদের অনেকে শ্রদ্ধা না জানিয়ে ফিরে যান।’ যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এটা সমন্বয় পরিষদের সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি মাত্র।’