নয়াপল্টনে রিজভী

অনুমতি দিয়েও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বাতিল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের অনুমতি দিয়েও কারা কর্র্তৃপক্ষ তা বাতিল করেছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, গতকাল বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। তারা সাক্ষাতের উদ্দেশে রওনা হওয়ার পর রাস্তার মধ্যেই তাদের জানানো হয়, অনুমতি বাতিল করা হয়েছে। বলা হয়, উচ্চতর কর্র্তৃপক্ষের নির্দেশেই সাক্ষাৎ দেওয়া যাচ্ছে না। এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি।

রিজভী বলেন, ‘জনগণ জানতে চায় এই উচ্চতর কর্র্তৃপক্ষটা কে? এটি জেল কর্র্তৃপক্ষ না জানলেও জনগণ ভালোভাবেই জানেন। গত বৃহস্পতিবার আদালতকে দিয়ে যার নির্দেশে নেত্রীর (খালেদা) জামিন আবেদন খারিজ হয়েছে, সেই উচ্চতর কর্র্তৃপক্ষের নির্দেশেই আজকে খালেদা জিয়ার স্বজনরা অনুমতি পাওয়ার পরও তার সঙ্গে দেখা করতে পারলেন না। এই উচ্চতর কর্র্তৃপক্ষ মূলত ক্ষমতাক্ষুধায় অস্থির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’