বরিশালে লঞ্চের সঙ্গে সংঘর্ষে কার্গোডুবি

বরিশালের কীর্তনখোলা নদীতে ক্লিংকারবোঝাই কার্গো হাজী মোহাম্মদ টুটু মিয়া এবং শাহরোখ-২ নামের লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি নদীতে ডুবে গেছে। তবে লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কীর্তনখোলা নদী বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহরোখ- ২ নামের ওই যাত্রীবাহী লঞ্চটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। লঞ্চটি কীর্তনখোলা নদীর বরিশাল নৌবন্দর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা কার্গোর সঙ্গে সংঘর্ষ হয়।

এতে সিমেন্টের কাঁচামালবাহী (ক্লিংকার) বোঝাই কার্গোটি ডুবে যায়। কার্গোটি চট্টগ্রাম থেকে ১২০০ মেট্রিকটন সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) নিয়ে বরিশালের অ্যাংকর সিমেন্ট কারখানায় যাচ্ছিল।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বরিশাল আজমল হুদা মিঠু সরকার জানান, কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে গেছে। কার্গোটি নিয়ম না মেনে নদীর বামদিকে চাপিয়ে চালাচ্ছিল চালক।

অপরদিকে লঞ্চটি নদীতে বাক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চালাচ্ছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। লঞ্চ যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে। এ ছাড়া ডুবে যাওয়া কার্গোর স্টাফদের খোঁজ চালানো হচ্ছে। তবে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।