ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না: ড. মোমেন

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক ও মধুর জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ভারতের বিতর্কিত নাগরিক তালিকা (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (ক্যাব) ঘিরে বাংলাদেশে অনুপ্রবেশ বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের খবরের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন।

ড. একে মোমেন বলেন, ‘বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ দেশে প্রবেশ করলে সরকার তাদের ফেরত পাঠাবে।’

কোনো বাংলাদেশি ভারতে যদি অবৈধভাবে অবস্থান করে, তাহলে তাদের তালিকা দিতে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশি তাদের দেশে ফেরার অধিকার আছে। কিন্তু অন্যদের ফেরত পাঠানো হবে।’

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু লোক খাবারের আশায় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অনুপ্রবেশ করছে।’

এক প্রশ্নের জবাবে এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক। এ সম্পর্ক প্রভাবিত হবে না। এ সম্পর্ক মধুর।’