আবারও চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রী। এ নিয়ে গত এক মাসে চলন্ত বাসে যৌন হয়রানির তিনটি ঘটনা ঘটেছে।
সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এক মাদ্রাসা শিক্ষককের যৌন হয়রানির শিকার হন ওই ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক জামাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে চবি কর্তৃপক্ষ। পরে রাতে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. জামাল উদ্দিন (৪০) সুনামগঞ্জ জেলার ছাতকের আব্দুল বারী ওয়াদুদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার বাইতুন ইমান মাদ্রাসার শিক্ষক।
এ বিষয়ে হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ওই ছাত্রী জানান, ক্যাম্পাস থেকে শহরে ফেরার জন্য এক নম্বর গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে উঠলে তার পেছনেই বসা জামাল উদ্দিন বেশ কয়েকবার তার গায়ে স্পর্শ করেন। প্রতিবাদ করলে ভুক্তভোগীকে উল্টাপাল্টা কথাও বলেন জামাল। এ সময় বাসে থাকা অন্য যাত্রীরা জামাল উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, অভিযুক্তকে আটক করে আমাদের কাছে নিয়ে আসলে আমরা তাকে হাটহাজারী থানা-পুলিশের কাছে সোপর্দ করি।
এর আগে গত ৮ ডিসেম্বর ক্যাম্পাসে আসার পথে এবং ২৭ নভেম্বর বাড়ি থেকে ফেরার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হন দুই চবির ছাত্রী।