বিনম্র শ্রদ্ধায় চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন

বিনম্র শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নানাভাবে স্মরণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে।  দিবসটি উপলক্ষে সোমবার দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি শুরু হয়।

এরপর শহীদদের স্মরণে শহীদ হাসান চত্বরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৮টায় জেলা পুরাতন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সশ্রদ্ধ কুচকাওয়াজ পরিবেশিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

পরে সেখানে শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শিত হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া কারাবন্দি হাসপাতালে ভর্তি ও সদস্যদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিজয় দিবসকে ঘিরে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।