‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাও বছর দেড়েক আগের কথা। নায়ক-নায়িকার বিয়ে নিয়ে চর্চা হলেও এখনো সম্পন্ন হয়নি সেই ছবি।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সুপার হাইপড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর গানের দৃশ্যায়ন হলো সম্প্রতি। সেখান থেকে নাচের কিছু দৃশ্য ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
রণবীরের একটি ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বয়ে যায় লাইক ও কমেন্টসের বন্যা।
ভিডিওতে দেখা যাচ্ছে, লাল কাফতান জ্যাকেটে আলিয়া, এবং ডার্ক গ্রিন ক্যামোফ্লজ জ্যাকেটে রণবীর সেজেছেন। আর এই স্টাইল স্টেটমেন্টে তাক লাগিয়ে দিয়েছেন কাপুর ও ভাট পরিবারের দুই কনিষ্ঠ সদস্য। তাদের মানিয়েছেও বেশ।
কিছুদিন আগেই বারাণসীতে শুটিং করে এসেছেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে, ২০২০ সালের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন তারা। সে জন্য নাকি ভেন্যুও নির্বাচন হয়ে গেছে। দুই তারকার পছন্দ ‘ডেস্টিনেশন ওয়েডিং’। লেক-পাহাড়-বাগান মোড়া কাশ্মীরকেই নাকি তারা বেছে নিয়েছেন।
বড় বাজেটে করণ জোহরের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। কারিগরি কারণে বেশ কয়েকবার মুক্তির দিন জানিয়েও পিছিয়ে দেওয়া হয়। শোনা যাচ্ছে, সামনের বছর মুক্তি পাবে এই ছবি। আলিয়া ও রণবীরের সঙ্গে আরও আছেন অমিতাভ বচ্চন।